Sylhet Today 24 PRINT

সেনা কর্মকর্তা লাঞ্ছিত, সিলেটের চার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৭

সিলেটে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছ পুলিশ। লাঞ্ছিতের অভিযোগে জালালাবাদ সেনানিবাসে কর্মরত মেজর আব্দুল আজিজ শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর শনিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাবেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার গ্রুপের অনুসারী বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা সকলে এজাহারভূক্ত আসামী।

সেনা কর্মকর্তার দেওয়া এজাহারের বরাত দিয়ে ওসি সোহেল বলেন, বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর মীরের ময়দান কেওয়াপাড়া পড়শি ১১৯ নং বাসা থেকে প্রাইভেট কার যোগে বের হন মেজর আব্দুল আজিজ। এ সময় কারটিকে মোটরসাইকেলে করে ওভারটেক করার চেষ্টা করে কয়েকজন ছাত্রলীগ কর্মী।

তবে সরু রাস্তায় কারটিকে তাৎক্ষণিকভাবে অতিক্রম করতে না পারায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা এ সময় মেজর আজিজের ব্যবহৃত গাড়িতে ভাংচুর চালায়। বাধা দিতে গেলে ওই সেনা কর্মকর্তার গলায় ছুরিকাঘাতও করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার দুপুরে কোতোয়ালি থানায় সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা (নং-৬ (৪)’১৭) দায়ের করেন মেজর আব্দুল আজিজ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ছাত্রদল সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এই হামলার পর ওইদিন নগরীর বিভিন্ন স্থানে মহড়া দেয় ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.