বড়লেখা প্রতিনিধি | ০৯ এপ্রিল, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় ৭৭ হাজার ৩০০টি নাসির বিড়ি ও ৯৮টি ইয়াবাসহ আব্দুল মন্নান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
রোববার (৯ এপ্রিল) দুপুরে লাতু বিজিবির টহল টিমের বিশেষ অভিযান চলাকালে উপজেলার দাসেরবাজারস্থ আব্দুল মান্নানের দোকান থেকে নাসির বিড়ি ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মন্নান উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে। বিকেলে গ্রেপ্তারকৃত আব্দুল মন্নানকে বড়লেখা থানায় সোপর্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ৫২ বিজিবির লাতু সীমান্ত ফাঁড়ির টহল টিমের কমান্ডার হাবিলদার মতিয়ার রহমানের নেতৃত্ব বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দাসেরবাজারস্থ আব্দুল মন্নানের দোকানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় বাজারের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আব্দুল মন্নানের দোকান তল্লাশি করে আমদানি নিষিদ্ধ অনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ৭৭ হাজার ৩০০ পিস নাসির বিড়ি ও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারকৃতকে বড়লেখা থানায় সোপর্দ করে বিজিবি।
এদিকে গ্রেপ্তারকৃত আব্দুল মন্নানের পরিবারের দাবি দোকানে কেউ বিড়ি ও ইয়াবা রেখে তাকে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসিয়েছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর রোববার বিকেল সাড়ে ৫টায় ভারতীয় নাসির বিড়ি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’