Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ মে, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে আরিফা বেগম(১৯) ওরফে আছিয়া এবং ছকিনা বেগম(১৮) নামের দুই বোনের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাত পৌনে দুই ঘটিকার সময় ভবানীপুর গ্রামে জয়নাল মিয়ার বাড়ীর পাশের পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। মৃত দুই বোনের গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদখানি গ্রামে। তাদের পিতার নাম মৃত আকবর আলী। তাদের মধ্যে ছকিনা বেগম ভাটেরার ভবানীপুর গ্রামের ওমান প্রবাসী জয়নাল আবেদীনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো এবং আরিফা বেগম জয়নাল আবেদীনের মেয়ের স্বামীর বাড়ি একই উপজেলার রাউৎগাঁওয়ে গৃহপরিচারিকার কাজ করতো। ঘটনার পূর্বের দিন বড় বোন আরিফা ছোট বোনের কর্মস্থলে জয়নাল আবেদীনের মেয়ের সাথে বেড়াতে আসে।

নিহতদের মাতা পিয়ারুন বেগম অভিযোগ করে বলেন তিনি খবর পেয়ে থানায় আসার পূর্বেই পুলিশ মেয়ে দুটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে নিয়ে যেতে রওয়ানা হয়ে যায় । এমনকি নিহতদের আত্মীয় স্বজনের অনুপস্থিতিতেই লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করা হয় । তিনি রাস্থায় লাশ দেখতে চাইলে তাকে লাশ দেখানো হয়নি । তিনি আরো বলেন তার মেয়েদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সুষ্ট বিচার দাবী করেন তিনি।

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মিয়া জানান, মঙ্গলবার বিকেলে দু’বোন এক সঙ্গে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর দু’জন আর বাড়ীতে ফিরে আসে নাই। পরে অনেক খোঁজাখোজির পর মধ্য রাতে পুকুরে লাশ দুটি ভাসতে দেখে কুলাউড়া পুলিশকে খবর দেয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে দুই বোনের লাশ পুকুর থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিয়ার রহমান জানান দুই বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচেছ পানিতে ডুবে মারা গেছে আছিয়া ও সখিনা। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.