Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বোরো ফসল ধ্বংসকারী মুমিনপুর স্লুইসগেট অপসারণের দাবি

ওসমানীনগর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৭

সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউপির মুমিনপুর আলিকা খালে অপরিকল্পিত ভাবে নির্মিত এলাকার বোরো ফসল ধ্বংসকারী স্লুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা।

রোববার (৯ এপ্রিল) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে কৃষক নেতারা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হাউনিয়া ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. কর্তৃক জ্যাইকার অর্থায়নে মুমিনপুরের আলিকা ও বড়ভাগার মিলনস্থলে নির্মিত সরু আকৃতির স্লুইসগেটের কারণে এলাকার সহস্রাধিক কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে আসছেন।

তারা অভিযোগ করেন, গড়ে ১৫০ ফুট প্রস্থের খালের পানি নিষ্কাশনের জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে স্থাপিত ৪ ফুট প্রস্থের ৩ কপাটের স্লুইস গেটের কারণে চলতি মৌসুমে রুনিয়া, হাউনিয়া, ডুবার ও বলদার হাওরের প্রায় ১৫০০ একর জমির ফসল একেবারে নষ্ট হয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। এর আগে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ২০১৫-১৬ সালে কৃষকদের প্রায়  ৪ কোটি টাকার ফসল নষ্ট হয়।

লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, এই স্লুসইগেট এলাকার কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে মর্মে ২০১৫ সালের নভেম্বরে উপজেলা পরিষদের মাসিক সভাকে অবগত করেন তৎকালীন দয়ামীর ইউপি চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। এই স্লুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত এলাকার কৃষকদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান কৃষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। এতে উপস্থিত ছিলেন কমিটির নেতা মো. দিলু মিয়া, আমির আলী, গিয়াস উদ্দীন, নজমুল ইসলাম।    


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.