হবিগঞ্জ প্রতিনিধি | ০৬ মে, ২০১৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদর্শ বাজার ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩শ’ লিটার স্পিরিট ধ্বংস করা হয়। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লাইসেন্সবিহীন ভাবে স্পিরিট বিক্রির অভিযোগে আদর্শ বাজার এলাকার সাহেব আলীকে ২ হাজার, বজলু চৌধুরীকে ৩ হাজার, ফজল হোসেনকে ৩ হাজার, বাবলু মিয়াকে ১ হাজার জরিমানা করা হয়। এসময় তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ লিটার করে ৮০ লিটার স্পিরিট জব্দ করা হয়। পরে নতুন বাজারের মওদুদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২০ লিটার স্পিরিট জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৩শ’ লিটার স্পিরিট ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। আদালতকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আব্দুল ওয়াহেদ চৌধুরী।
এছাড়া নতুন বাজার এলাকার একটি আইসক্রীম ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।