Sylhet Today 24 PRINT

আজই কার্যকর হচ্ছে জঙ্গি রিপনের ফাঁসি?

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৭

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি আজ বুধবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর হতে পারে।

সিলেট কেন্দ্রিয় কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

কারাগার সূত্র জানায়, বুধবার রাতে রিপনের ফাঁসির চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে কারা কর্তৃপক্ষ। বুধবার সকালে রিপনের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য ডেকে পাঠানো হবে। দিনের মধ্যে তারা সাক্ষাত করবেন। রাতে ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিশেষ কারণে ফাঁসি সময়সূচীতে পরিবর্তন হতে পারে বলেও জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা।

তিনি বলেন, উচ্চ মহল থেকে বুধবার ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুধবার সকাল থেকেই সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

এরআগে মঙ্গলবার দুপুরের পরে কারাগারে এসে রিপনের সাথে সাক্ষাৎ করেন তার বাবা আ. ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির কাছে করা রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সিলেট কেন্দ্রিয় কারাগারে পৌঁছে। এরপর তা রিপনকে পড়ে শোনানো হয়।

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান রুবেল আহমেদ ও হাবিল মিয়া। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।

এই মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান, সাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয়। এই রায় আপীলেও বহাল থাকে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। এরপর প্রাণভিক্ষার আবেদন করেন দণ্ডপ্রাপ্তরা। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন খারিজ করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.