Sylhet Today 24 PRINT

সকল প্রস্তুতি সম্পন্ন, জঙ্গি রিপনের ফাঁসি আজ রাতেই

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৭

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি আজ বুধবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হবে। এজন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০ জন জল্লাদকে। জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের নিরাপত্তা।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সন্ধ্যায় রিপনের পরিবারকে তার সঙ্গে শেষ দেখা করতে বলা হয়েছে।

এর আগে জেল সুপার জানিয়েছিলেন, উচ্চ মহল থেকে বুধবার ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুধবার সকাল থেকেই সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে।

গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির কাছে করা রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সিলেট কেন্দ্রিয় কারাগারে পৌঁছে। এরপর তা রিপনকে পড়ে শোনানো হয়। পরে দুপুরে কারাগারে এসে রিপনের সাথে সাক্ষাৎ করেন তার বাবা আ. ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী। আজ তারা আবার শেষবারের মতো সাক্ষাৎ করতে আসবেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান রুবেল আহমেদ ও হাবিল মিয়া। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।

এই মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান, সাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয়। এই রায় আপীলেও বহাল থাকে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। এরপর প্রাণভিক্ষার আবেদন করেন দণ্ডপ্রাপ্তরা। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন খারিজ করে দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই জঙ্গি হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান ও তার সহযোগী সাহেদুল আলম ওরফে বিপুল গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.