Sylhet Today 24 PRINT

ফাঁসির আগ মুহুর্তেও ‘শান্ত ও স্বাভাবিক’ রিপন

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৭

ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত জঙ্গি দেলোয়ার হোসেন রিপনকে তওবা পড়ানোর সময় তিনি শান্ত ও স্বাভাবিক আচরণ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তওবা পড়ানোর দায়িত্বে থাকা ইমাম।      

তওবা পড়ানো শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বেড়িয়ে এসে নগরীর আবু তোরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. বেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। মো. বেলাল উদ্দিন কারাগার থেকে বেড়িয়ে আসার সময় কারাগারে প্রবেশ করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক ডাঃ অরুপ রতন সাহা।  

এরআগে সন্ধ্যা সাতটার দিকে দুটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা যোগে শেষ দেখা করতে কারাগারে প্রবেশ করেন রিপনের পরিবারের আনুমানিক ২৫ সদস্য। রাত ৮টা ২৫ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন স্বজনরা।

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামীর ফাঁসি আজ রাতেই কার্যকর হওয়ার কথা।

সে অনুযায়ী সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলরোড থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কে যান চলাচল সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
 
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, ফারুক আহমদের নেতৃত্বে ১০ সদস্যের একটি জল্লাদ প্যানেল রিপনের ফাঁসি কার্যকর করবে। তারা ইতোমধ্যে কারাগারের ভেতরে অবস্থান নিয়েছে।

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।

এই মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ে হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান, সাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয়। এই রায় আপীলেও বহাল থাকে।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়। এরপর প্রাণভিক্ষার আবেদন করেন দণ্ডপ্রাপ্তরা। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন খারিজ করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.