ছাতক প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০১৭
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে চড় মারার ঘটনায় তদন্ত শেষে আতাউর রহমান নামে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস সাময়িক বরখাস্থের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪এপ্রিল দুপুরে আবহাওয়া খারাপ থাকার দরুন বিদ্যালয়ের শিক্ষিকা হালিমা বেগম নির্ধারিত সময়ের কিছু সময় পূর্বে বিদ্যালয় ছুটি দেয়ার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষিকা হালিমা বেগমকে চড় মারেন।
পরদিন ৫ এপ্রিল বিকেলে লাঞ্চিত সহকারী শিক্ষিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ৮এপ্রিল জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিষয়টি সরজমিনে তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
৯এপ্রিল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনার সত্যতা উল্লেখ করে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে রিপোর্ট দাখিল করেন। রিপোর্টটি পর্যালোচনার পর প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করার পর তাকে সাময়িক বরখাস্থ করা হয়।