বড়লেখা প্রতিনিধি | ১৩ এপ্রিল, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হারুন-উর-রশীদ, শ্রেষ্ঠ মাধ্যমিক প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াত হোসাইন, শিক্ষার্থী তানজিলা বেগম, মেহের আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে ৯০টি পুরস্কার বিতরণ করা হয়।