বানিয়াচং প্রতিনিধি | ১৫ এপ্রিল, ২০১৭
কমিটি গঠন নিয়ে বানিয়াচং উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে; উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।
জানা যায়, সম্প্রতি উপজেলা ছাত্রদল ও জনাব আলী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি প্রকাশিত হয়। এ কমিটি প্রকাশ হওয়ার পর বিলুপ্ত কলেজ কমিটির সভাপতি সোহেল আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। ঘোষিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করে। ওই মিছিলে সৌদী আরব প্রবাসী বিএনপির নেতা আহমেদ আলী মুকিব আব্দুল্লাহর বিরুদ্ধে জুতা প্রদর্শন করা হয়। গত শুক্রবার বানিয়াচং নতুনবাজারে এ মিছিল করে সোহেলের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
এদিকে মুকিব আব্দুল্লাহর ভাই নুর আহমদ শিবপাশা থেকে হবিগঞ্জে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বানিয়াচং নতুনবাজারে আসলে মারধরের শিকার হন। পরে নবগঠিত কমিটির নেতারা খবর পেয়ে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুনবাজারে মহড়া দেয়। মহড়া থেকে একপর্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ডা.সাখাওয়াত হাসান জীবনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমতাবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধের উদ্যোগ নিলে ছাত্রদল কর্মীরা বাজার ত্যাগ করে।
এ বিষয়ে জানতে ছাত্রদল বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি।