বড়লেখা প্রতিনিধি | ১৬ এপ্রিল, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকে ৩৭৮ ভোট পেয়ে হেলাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ তালা প্রতীকে পেয়েছেন ২৯৫ ভোট।
রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ কুতুব উদ্দিন সিলেটটুডেকে ফলাফলের তথ্যটি নিশ্চিত করেছেন।
রোববার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৩৯ জন। এর মধ্যে ১৩৮২ ভোট কাস্ট হয়েছে। বিকেল সাড়ে ৫টায় গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার।
উল্লেখ্য, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম গত বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুন:নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এর আগে সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধরের তদারকিতে পুলিশ, র্যাব, ডিবি ছাড়াও সার্বক্ষণিক মাঠে থাকে সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
এছাড়া ভোটারের নিরাপত্তা নিশ্চিত ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মাঠে ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস।