Sylhet Today 24 PRINT

আজ সুনামগঞ্জ আসছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জের ফসলহারা কৃষকদের দেখতে রাষ্ট্রপতি এডভোকেট মো: আব্দুল হামিদ আজ (সোমবার) সুনামগঞ্জ আসছেন। দুপুরে কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সুনামগঞ্জ আসার পথে হেলিকপ্টারে লো ফ্লাইয়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করবেন তিনি। রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হবেন। সার্কিট হাউসে রাত যাপনশেষে পরদিন মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র।

এদিকে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগমণ উপলক্ষে সুনামগঞ্জে নেওয়া হয়েছে ৬ স্তরে নিরাপত্তা ব্যবস্থা।

রোববার বিকেলে সুনামগঞ্জ পুলিশ লাইনস্-এ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান এক প্রেসব্রিফিং-এর এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.