Sylhet Today 24 PRINT

গোটাটিকর থেকে ৩ নারী পাচারকারী আটক, ২ নারী উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৭ এপ্রিল, ২০১৭

সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর থেকে নারী পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে পাচারের জন্য নিয়ে আসা দুই নারীকে।

রোববার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ওই তিন পাচারকারীকে আটক করে র‍্যাব-৯ এর একটি দল।

আটককৃতরা হলেন, মোগলাবাজার থানার চরবাটা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে জাকির হোসেন, কানাইঘাটের দলইমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. এখলাছুর রহমান ও ওসমানীনগরের থানাগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. সোলেমান আলী।

র‍্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত মানব পাচারকারী হিসেবে পতিতাবৃত্তির উদ্দেশে দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রামের সহজ-সরল কিশোরী ও নারীদের ভাল চাকরি ও বিদেশে পাঠানোর নাম করে বাড়ি থেকে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যায়। এরপর ভাড়া করা বাসায় আটক রেখে ঐ নারীদের যৌন নিপীড়ন করে ও পতিতালয়ে বিক্রি করে দেয়।

র‍্যাব জানায়, আটককৃতদের পাচারকারীদের এবং উদ্ধারকৃত নারী ভিকটিমদ্বয়কে এসএমপি'র মোগলাবাজার থানার হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.