Sylhet Today 24 PRINT

হাকালুকিতে মারা যাচ্ছে মাছ, বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ

ধান পঁচে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি, মাছ ধরতে নিষেধাজ্ঞা

তপন কুমার দাস ও এস আলম সুমন |  ১৭ এপ্রিল, ২০১৭

চলতি বছর অকাল বৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ এলাকার হাওরাঞ্চলের বিস্তির্ণ কৃষিভূমির বোরো ধান। তবে ধানের ক্ষতির পর হাওরাঞ্চলের দ্বিতীয় সম্বল মাছও সম্মুখীন হয়েছে দুর্যোগের।

মৌলভীবাজারের হাকালুকি হাওরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা অংশে হাওরে নিমজ্জিত বোরো ধান পঁচে পানিতে সৃষ্টি হয়েছে বিষক্রিয়ার আর এর ফলে বড় মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ মারা যাচ্ছে।

কৃষি ও মৎস সম্পদ সংশ্লিষ্টদের ধারণা, এ বছর হাওরে আগাম বন্যা দেখা দেওয়ায় আধাপাঁকা বোরো ধান ও গাছ পঁচে যায় এবং ধানক্ষেতে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে পানিতে বিষক্রিয়া দেখা দেয়।

মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ‘অকাল বন্যায় তলিয়ে যাওয়া এইসব আধাপাকা ধান ও ধানগাছ পচে পানির গুণাগুণ নষ্ট করেছে। এছাড়া ধানগাছ এবং ঘাসে নিধনের বিষের দীর্ঘমেয়াদী প্রভাবে হঠাৎ পানির পিএইচ (পটেনশিয়াল অব হাইড্রোজেন) কমে গিয়ে স্বাভাবিক ৭ মাত্রা থেকে পিএইচ ৫.৮ মাত্রায় নামায় অ্যামোনিয়ার পরিমান বৃদ্ধি এবং দ্রবীভূত অক্সিজেন হ্রাস (৫ পিপিএম) হওয়ায় ধান ও মাছ পচে হাওরের পানি দূষিত হয়ে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।’

গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওর এবং তীরবর্তী এলাকার বোরো ধান তলিয়ে যায়। এতে হাওরের বোরো ধান নষ্ট হয়ে যায়।

গত শুক্রবার থেকে আধাপাকা বোরো ধান পচে গিয়ে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে হাওরের পানি দূষিত হয়ে যায়। এতে ব্যাপক হারে হাওরের রুই, বোয়াল, আইড়, গ্রাস কার্প, কালিয়ারা, বাউশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ও ছোট মাছের পোনা মরে পানিতে ভেসে ওঠা শুরু করেছে বলে স্থানীয়রা জানান।

হাকালুকির চকিয়া বিলের ইজারাদার আনোয়ার হোসেন জানান, গত দুই বছর ধরে চকিয়া বিলে মাছ ধরা বন্ধ ছিলো। এই দুই বছর ধরে বিলে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ লক্ষাধিক পোনা ছেড়েছিলেন তারা। চলতি বছরের শেষের দিকে আবার এই বিলে মাছ ধরা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এখন হাওরের পানি দূষিত হয়ে পুরো হাওর জুড়ে ব্যাপক হারে মাছ মরে পানিতে ভেসে ওঠছে। এতে করে তাদেরকে ব্যপক লোকসানের মুখে পড়তে হবে।

তিনি আরও জানান, গত দুইদিন ধরে হাওরের প্রায় কয়েক কোটি টাকার মাছ মরে গেছে। হঠাৎ করে হাওরে মাছ মরে পানিতে ভেসে ওঠতে দেখে সংশ্লিষ্ট মৎস্য বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কমকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং পানিতে চুনসহ বিভিন্ন ঔষধ প্রয়োগ করে পানি বিষমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস সোমবার সিলেটটুডেকে বলেন, ‘শনিবারের তুফানের পরই মাছ মরতে দেখা গেছে। পানির নিচে বোরো ধান পচে যাওয়ায় প্রচুর মাছ মরছে। অনেক বড় মাছ মানুষ ধরেছে। গতকাল (রোববার) সবচেয়ে বেশি মাছ মরেছে। পানিতে দুর্গন্ধ হয়ে গেছে।'

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ সিলেটটুডেকে জানান, ‘হাওরে আকস্মিক বন্যায় বোরো ধান পচে দূর্গন্ধ হয়ে যাওয়ায় এবং ধান ক্ষেতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হয়ে যায়। বন্যায় দুর্গন্ধ ও কীটনাশকের বিষ পুরো হাকালুকি হাওরে ছড়িয়ে পড়ে। পানি দূষিত হয়ে যাওয়া হাওরের মাছ মরে পানিতে ভেসে ওঠছে। আমরা হাওরের পানি বিষমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় জেলেদেরকে আপাতত হওরের মাছ না ধরার জন্য অনুরোধ জানিয়েছি।’

বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা আবু ইউসুফ সিলেটটুডেকে বলেন, ‘আজ (সোমবার) সরেজমিনে হাওর ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে মাছ মারা যাবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাওরের পানিতে প্রচন্ড গন্ধ। পানির রঙ বদলে গেছে। যেখানে পানি গভীর সেখানে বাদামি রঙ এবং যেখানে কম পানি সেখানকার রং লাল ও কালচে হয়ে গেছে। মানুষ প্রচুর মাছ ধরেছে। কিন্তু সব মাছতো আবার ধরতেও পারেনি। তাই পচা মাছের গন্ধ পানিতে। ধারণা করা যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫-২০ টন মাছ মারা গেছে।’

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা আকম শফিক-উজ্-জামান সিলেটটুডেকে জানান, ‘কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাকালুকি হাওর এলাকায় চলতি বছরে ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। ধান আধাপাকা থাকা অবস্থায় পুরো হাওরের বোরো ক্ষেত পানিতে তলিয়ে যায়। ধান আধাপাকা থাকার কারণে পানিতে পচে গিয়ে দূর্গন্ধের সৃষ্টি হয়। এতে করে হাওরের পানিতে মারাত্মক বিষক্রিয়া ছড়িয়ে পড়ায় মাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে। আমরা দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.