Sylhet Today 24 PRINT

নগরীতে যুবক খুনের দায়ে গ্রেপ্তার ৩: ‘পরিচ্ছন্নতা কর্মী সেজে ছিনতাই’

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৭

নগরীতে আসাদুজ্জামান রিপন (২৭) নামের এক এক যুবক খুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাদেরকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, এয়ারপোর্ট থানাধীন খাসদবিরের মসজিদ গলির নুরুল হকের ছেলে সুমন মিয়া ওরফে মানিক (২১), হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন দত্তগ্রামের আমির উদ্দিনের ছেলে জমির উদ্দিন (১৯) এবং সুনামগঞ্জের হাছন নগরের মাহমুদ আলীর ছেলে হাসান আলী (২০)।

কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন তাদেরকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে বলেন- তিন জনই গত বুধবার রাতে জিন্দাবাজার এলাকায় যুবক খুন হওয়ার ঘটনার সাথে জড়িত। তিনি বলেন, তাদের একজনের পড়নে সিটি কর্পোরশেনের পরিচ্ছন্নতাকর্মীর পোষাক ছিলো। যদিও সে সিটি কর্পোরেশনের কর্মচারী নয়। ফলে মনে হচ্ছে, সিসিকের পরিচ্ছন্নতা কর্মী সেজেই নগরীতে ছিনতাই করতো এরা।

সম্প্রতি বন্দরবাজারে কুয়েতপ্রবাসী আসাদুজ্জামান রিপনকে খুন করে তিন ছিনতাইকারী। সিসিকের বসানো ক্যামেরার ফুটেজ দেখে এবং প্রযুক্তি ব্যবহার করে এই তিন ঘাতক ছিনতাইকারীকে শনাক্ত করে পুলিশ।

ওসি গৌছুল হোসেন জানান, গত ১২ এপ্রিল রাতে কুয়েত যাবার উদ্দেশ্যে মেডিকেল চেকআপের জন্য স্ত্রী হাছনা বেগমকে নিয়ে দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিমালে আসেন প্রবাসী আসাদুজ্জামান। এসময় শাহজালাল মাজারে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। কিনব্রিজ পার হয়ে অটোরিকশা বন্দরবাজারে পৌঁছামাত্র পরিচ্ছন্নতাকর্মীর বেশে চাকু হাতে ওই তিন ছিনতাইকারীরা গতিরোধ করে। এসময় রিপনের কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁর স্ত্রীর ব্যাগ ধরে টানাহেঁচড়া করে ছিনতাইকারীরা। রিপন বাধা দিলে তার বুকে ছুরিকাঘাত করে ব্যাগ, টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়ার পথে রিপন মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তথ্য সংগ্রহ করে তাদের গ্রেপ্তার করে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.