Sylhet Today 24 PRINT

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হাসান মার্কেট পরিদর্শন করেছেন মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

আগুনে ভস্মীভূত সিলেট নগরীর ঐতিহ্যবাহী হাসান মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকান কোটা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হাসান মার্কেটে যান। এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

ব্যবসায়ী নেতারা এ সময় মেয়রের কাছে অগ্নিকান্ডের সূত্রপাত ও ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সেই সাথে তারা অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত কি না তা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সিটি কাউন্সিলর, সিসিকের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দেন। গঠিত কমিটি দ্রুত অগ্নিকান্ডের বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদানের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মেয়র আরিফ।  

এ সময় হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী রইছ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ, কোষাধ্যক্ষ হাজ্বী বেলাল আহমদ, ব্যবসায়ী নেতা আফজল সিরাজ পাবেল, সিটি কাউন্সিলর দিনার খান হাসু, শান্তনু দত্ত সন্তু, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.