Sylhet Today 24 PRINT

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম : তদন্তে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (১৯ এপ্রিল) সকালে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন এর নেতৃত্বে ঢাকা থেকে সিলেটে আসেন উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি।

সকালে প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার নাজমান আরা খানুমের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এসময় সাথে ছিলেন দুদক সিলেটের পরিচালক শিরীন পারভিন। পরে তারা সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে প্রায় তিন ঘন্টা ধরে হাওর রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ করেন।

আজ (বুধবার) বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকার মানুষের সাথে কথা বলবেন এবং প্রকল্প গুলির বিষয়ে খোজ খবর নেবে প্রতিনিধি দলটি।

সিলেটের পানি উন্নয়ন বোর্ড এর কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের জানান , তাঁরা প্রকল্পের যেসব নথিপত্র সংগ্রহ করেছেন, তা মিলিয়ে দেখবেন। দুর্নীতির প্রমান পেলে কাউকে ছাড় দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.