পান্না দত্ত, মৌলভীবাজার | ০৭ মে, ২০১৫
আজ মৌলভীবাজারের পাঁচ গাও গণহত্যা দিবস। পাকহানাদার বাহিনী গ্রামের নিরীহ মানুষদের হাত পা বেধে ৬৯জনকে এক সাথে গুলি করে হত্যা করেছিল এইদিনে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও স্মৃতি রক্ষায় শহীদের নাম সম্বলিত স্মৃতি সৌধ নির্মান হয়নি ।
এলাকাবাসী জানায়,৭১ সালে আজকের এই দিনে ভোরে পাক সেনারা হানা দেয় রাজনগর উপজেলার হিন্দু সম্প্রদায় অধ্যুষিত পাঁচগাঁও গ্রামে । মিটিংয়ের কথা বলে ঘুমন্ত লোকজনকে তুলে বাড়ী থেকে বের করে নিয়ে আসা হয়। এরপর গ্রামের হিরন বাবুর দিঘীর পাড়ে লাইন ধরিয়ে হাত,পা,চোখ বেধে পানিতে ফেলে গুলি করে হত্যা করে ৬৯ জন অসহায় মানুষদের। পরে হানাদার বাহীনি চলে যাবার পর পানি থেকে সব লাশ তুলে পুকুর পাড়ে সমাধিস্থ করেন এলাকাবাসী। এ ঘটনার পর থেকে প্রতি বছর ৭মে স্থানীয়ভাবে পাঁচগাঁও গনহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
স্থানীয়দের উদ্দ্যোগে গনহত্যার স্থান চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে কয়েক বছর আগে। তবে পাঁচগাও গনহত্যার স্থানে নাম সম্বলিত স্মৃতি সৌধ নির্মান করে শহীদদের স্মৃতি সংরক্ষন করবে সরকার এমনটাই দাবী স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের।