তাহিরপুর প্রতিনিধি | ১৯ এপ্রিল, ২০১৭
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান পচে অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাছ। নদ-নদী ও হাওরে মাছ মরে পানিতে ভেসে উঠছে। পানিতে ধান তলিয়ে যাবার পর মাছও মারা যাওয়ায় বিপাকে পড়েছেন হাওরপাড়ের বাসিন্দারা। মারা যাওয়া মাছ না ধরা ও খাওয়া থেকে বিরত থাকার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে উপজেলার বোরো ফসল তলিয়ে যাওয়ায় পর পানির নিচে থাকা কাঁচা ধান পচে বাতাসের সাথে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাওরের মাছগুলো বুধবার থেকেই মরে পানিতে ভেসে ওঠছে।
সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খান বলেন, এখানকার মানুষ বোরো ফসল ও হাওরের মাছের ওপর নির্ভরশীল। এবারে কৃষকের ঘরে নেই ফসল। তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বল ছিল হাওরের মাছ। এবার মাছও গেল মরে। সব মিলে হাওরে যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ বলেন, 'হাওরের জমিতে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাবে এবং ধান পচে পানিতে বিষক্রিয়া হয়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে মাছ মরে যাচ্ছে। তাই এসব মাছ না ধরা ও খাওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।