নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০১৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, যাদের কারণে হাওরে ক্ষতি, তাদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে একজনকে প্রত্যাহারও করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। যারা এই অনিয়ম-দুর্নীতির সাথে সাথে জড়িত তারা সংখ্যায় খুব কম। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর খাদ্যের কোন অভাব হবে না। যতোদিন নতুন ধান না ফলছে, অবস্থা স্বাভাবিক না হচ্ছে, ততোদিন সরকারের পক্ষ থেকে হাওরবাসীকে খাদ্য সহায়তা দেয়া হবে।
বিএনপির সমালোচনা করে মায়া বলেন, তারা ঢাকায় বসে বিভিন্ন ফতোয়া দিচ্ছে। কিন্তু কেউ এখানে এসে হাওরবাসীর পাশে দাঁড়াতে দেখলাম না।
জামায়াত ছাড়া সকল রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্ত হাওরবাসীর সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী সিলেটের ক্ষতগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শন করেন ও বন্যায় হাওরবাসীর ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন।