Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অবৈধভাবে বিলবোর্ড ও ফেস্টুন লাগানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২০ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজার শহরে অবৈধভাবে বিলবোর্ড ও ফেস্টুন লাগানোর দায়ে একটি কোচিং সেন্টারকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে শহরের কোর্ট রোডে রেডিয়াম কোচিং সেন্টারের বিলবোর্ড ও ফেস্টুন লাগানোর সময় প্রতিষ্ঠানের কর্মচারি মুহিবুর রহমানকে একটি পিকআপ ভ্যানসহ হাতেনাতে ধরে ফেলেন পৌরসভার লাইস্যান্স ইন্সপেক্টর মইনুল ইসলাম।

পরে মেয়র ফজলুর রহমান জেলা প্রশাসনকে বিষয়টি জানালে নির্বাহি ম্যাজিস্ট্র্যাট অসিম চন্দ্র বণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মুহিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে সতর্ক করে দেন।

পৌর মেয়র ফজলুর রহমান জানান, পরিচ্ছন্ন মৌলভীবাজার গড়তে জেলা প্রশাসনের সহযোগিতায় মৌলভীবাজার শহরের সবকটি সড়কে বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার অপসারণের কাজ চলছে। এরই মধ্যে কোর্ট রোডসহ অধিকাংশ সড়ক পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে। শহর সৌন্দর্য্য ফিরে পেয়েছে।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) রেডিয়াম কোচিং সেন্টার পিকআপ ভর্তি বিলবোর্ড/ ফেস্টুন নিয়ে কোর্ট রোডে অবৈধভাবে লাগানো শুরু করেছিলো। আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি। জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন শহর গড়তে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.