বিশ্বনাথ প্রতিনিধি | ২০ এপ্রিল, ২০১৭
সিলেটের বিশ্বনাথের পুরানগাঁও গাছতলা মাঠে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে বিশ্বনাথ-রামপাশা রোডের নকিখালি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে পুরানগাঁও, বিশঘর, আনরপুর, দশপাইকা, চানপুর, হাশনাজির, ধনপুর, গড়গাঁও নরসিংপুরসহ নকিখালী এলাকার প্রায় ১৫ গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যেখানে পুরানাগাঁওয়ের ‘আদর্শ যুব সংঘ’ পবিত্র শবে মেরাজ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে, সেখানে একটি কুচক্রী মহল ষাঁড়ের লড়াই’র ঘোষণা দিয়েছে। ২২ এপ্রিল শনিবারের ষাঁড়ের লড়াই বন্ধ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে।
সমাজসেবক হাফিজ আরব খানের সভাপতিত্বে ও সংগঠক বদরুল আলমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দশপাইকা আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান বাবুল, ব্যবসায়ী তালুকদার মো. ফয়জুল ইসলাম, সংগঠক চৌধুরী আলী আনহার শাহান, হাফিজ আনোয়ার হোসেন, আবুল কাসেম, হেলাল আহমদ সেবুল, হাফিজ আনহার আলী, আব্দুল মুক্তাদির ফয়সল, হাফিজ তোফায়েল আহমদ, হাফিজ কদর মিয়া, লাল মিয়া।
এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ সচেতন মহল উপস্থিত ছিলেন।