Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরেও মরছে হাঁস, খামারিদের মাঝে আতঙ্ক

মো. মুন্না মিয়া, জগন্নাথপুর |  ২০ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল নদী ও হাওরের পানি দূষিত হয়ে মাছে মড়ক দেখা দেয়ার পর এবার হাঁসের ক্ষেত্রেও মড়ক দেখা দিয়েছে। এ নিয়ে খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, জগন্নাথপুর উপজেলার সবকয়টি হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর মাছ ও হাঁস মরতে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে পানি দূষিত হয়ে অক্সিজেন না পাওয়ায় প্রায় ৬ মেট্রিক টন মাছ মরেছে। এখন মাছের পর মারা যাচ্ছে হাঁসও।

মাছের মড়ক রোধে জগন্নাথপুর উপজেলা প্রশাসন পানিতে চুন ও ঔষধ প্রয়োগ করে মৎস্য খাতকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ও হাওরের দূষিত পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এখন হাঁস মরে যাচ্ছে।

গত মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের খামারি 'নুসরাত হাঁসের ফার্ম' এর সত্ত্বাধিকারী আবুল কাশেমের প্রায় ৪ হাজার হাঁস মাত্র ২ ঘণ্টার ব্যবধানে মরে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান আবুল কাশেম। আজ বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার আরো বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হাঁস মরে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, দূষিত পানি খেয়ে এসব হাঁস মারা যাচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় খামারিরা জানান, প্রথমে গেল ধান, পরে গেল মাছ, এবার মরছে হাঁস। এবার পরিবারের লোকজনদের নিয়ে কি খাবো আর কিভাবে চলবো আমরা বুঝতে পারছি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.