Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২১ এপ্রিল, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

শুক্রবার (২১ এপ্রিল) ভোর ৬টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম পারভীন বেগম (৩৫)। তিনি বনগ্রাম গ্রামের সুহেল আহমদের স্ত্রী এবং ১ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জননী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারভীন বেগম শুক্রবার ভোরে আপন ভাইয়ের সাথে মোবাইলে ফোনালাপের এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন এবং ঘরে রাখা কীটনাশক বিষ পান করে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে টক জাতীয় বিভিন্ন দ্রব্য খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে তাকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে ডা. বি. কর্মকারের চেম্বারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এসআই মৃদুল কুমার ভৌমিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.