Sylhet Today 24 PRINT

জুড়ীতে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক

বড়লেখা প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০১৭

বিজিবির ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার ও বিএসএফের পানিসাগর সেক্টরের (ত্রিপুরা) ১৫৯ ব্যাটেলিয়নের অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে।

বিএসএফের পানিসাগর সেক্টরের (ত্রিপুরা) ১৫৯ ব্যাটেলিয়নের বিদায়ী অধিনায়ক এল.এস দাহিয়া ও ৫২ বিজিবির (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির বৈঠকে স্ব-স্ব ব্যাটেলিয়নের নেতৃত্ব দেন।

এ সময় বিএসএফের ১৬৬ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জ্ঞানেন্দ্র, ১৫৯ ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ডার আর.এন মিশরা, লে. কর্ণেল প্রসাদ, বিজিবি ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুনুর রশিদ, জুড়ী কোম্পানী কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, ফুলতলা কোম্পানী কমান্ডার সুবেদার এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি ও বিএসএফ প্রতিনিধি দলের প্রধানরা সাংবাদিকদের জানান, দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। সীমান্তে উত্তেজনা, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সম্পর্ক খুবই অপরিহার্য। ব্যাটেলিয়ন পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের ছোটখাটো যে কোন সমস্যা নিরসনের বিষয়টি উভয় ব্যাটেলিয়ন প্রধান পুনর্ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই ব্যাটেলিয়ন প্রধান বলেন, সীমান্ত হাট চালুর অনেক অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে ভূমি নির্ধারণ কাজ সম্পন্ন হয়েছে। চুড়ান্ত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক পর্যায়ে আলোচনা চলছে। সীমান্ত হাট চালু হলে উভয় দেশের মানুষ উপকৃত হবেন। চোরাচালান অনেকাংশে কমে যাবে।

এছাড়া রাগনা-বটুলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে যাতায়াতের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার বলে জানান দুই ব্যাটেলিয়ন প্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.