Sylhet Today 24 PRINT

আমরা হাওরবাসীর পাশে আছি : সিলেটে খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০১৭

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি)

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হাওর এলাকায় ওএমএস চালু আছে, হতদরিদ্রদের কর্মসূচি চালু আছে। আমরা তাদের জন্য চেষ্টা করছি, পাশে আছি।

রোববার (২৩ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে 'নিরাপদ খাদ্য আইন- ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা' শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

কর্মশালায় কামরুল ইসলাম বলেন, আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করতে ও উন্নয়নকে থামিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় ও আর্ন্তজাতিকভাবে। জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা তারই একটি অংশ। দেশের উন্নয়নকে থামিয়ে দিতেই এসব হচ্ছে। কিন্তু এরপরও দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালে উন্নত দেশ হবো। পশ্চিমা দেশে রাস্তার খাবার সানন্দে গ্রহন করা যায়। ২০৪১ সালে আমরাও সেই রাস্তার পাশের খাবার সানন্দে গ্রহণ করবো। সেই পর্যায়ে যেতে চাই।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত দেশের দিকে যাত্রা। পশ্চিমা দেশের মতোই নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হবো। দশ টাকা দরে ৫০ লক্ষ পরিবারকে চাল দেয়া হচ্ছে। এতে প্রায় আড়াই কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন। দেশে হতদরিদদ্র মানুষের সংখ্যা কিছু দিন আগেও ১২% এর ওপরে ছিলো। এখন তা ১০% এর নিচে নেমে এসেছে। দরিদ্রের সংখ্য দিনদিন কমছে।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজ হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.