জগন্নাথপুর প্রতিনিধি | ২৩ এপ্রিল, ২০১৭
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং এর প্রতিবাদে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখা ও অনলাইন নিউজ পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুর ২টায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করিম।
সংগঠনের যুগ্ম-সম্পাদক ও নিউজ পোর্টালটির বার্তা সম্পাদক মো. জাকারিয়া আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, শিক্ষাবিদ আব্দুল তাহিদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম (লাল মিয়া), সমাজ সেবক তাজ উদ্দিন আহমদ, তরুণ সংগঠক মাওলানা ইমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা নুরুজ্জামান, যুবলীগ নেতা ইউনুছ মিয়া, সংগঠনের যুগ্ম-সম্পাদক ও নিউজ পোর্টালটির সম্পাদক গোলাম সারোয়ার, নির্বাহী সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, গনমাধ্যমকর্মী শাহ এস,এম ফরিদ, ইয়াকুব মিয়া, জাবির আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে দুই থেকে তিন বছর একটি এলাকায় কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। উর্ধ্বে পাঁচ বছর হতে পারে। এর বেশি কোন উপজেলাতে সরকারি কোন কর্মকর্তা থাকতে পারেন না। কিন্তু জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের অনেক কর্মকর্তা আছেন, যাদের এখানে চাকুরির বয়স ২৮ থেকে ৩০ বছর। এদের অনেকেই দীর্ঘ সময় এখানে থাকায় নিজেদের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছেন। এমনকি প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার লন্ডনীদের চেয়ে বেশি বিলাসী জীবন যাপন করছেন ওই বিদ্যুৎ বিভাগের কর্তারা।
তারা বলেন, এসব কর্মকর্তাদের মাধ্যমে জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় হাজার হাজার অবৈধ বিদ্যুৎ লাইন স্থাপন করে সংযোগ দিচ্ছেন। অবৈধ সংযোগের মাধ্যমে অসাধু ওইসব কর্মকর্তারা জগন্নাথপুর থেকে লাখ লাখ টাকা আদায় করে নিজেদের পকেট ভারি করছেন। ফলে গোটা জগন্নাথপুর উপজেলাবাসীকে তার মাশুল দিতে হচ্ছে। তাদের এমন কর্মের ফলে রাতের পর রাত, দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন সমগ্র জগন্নাথপুর উপজেলাবাসী। প্রতিদিন এমন সমস্যার ফলে পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে এসব এলাকার শিক্ষার্থীদের। এমনকি হাজার হাজার ব্যবসায়ী বিদ্যুতের অভাবে আর্থিক সমস্যাসহ নানান ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এসব সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা। যদি এসব দাবি বিদ্যুৎ বিভাগ মেনে না নেয়, তাহলে জগন্নাথপুরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে জানান তারা।