Sylhet Today 24 PRINT

বড়লেখায় কলেজছাত্রের আত্মহত্যা

বড়লেখা প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় সাদিকুর রহমান সিদ্দিক (২৩) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টার যে কোন সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

সাদিকুর উপজেলার মাইজগ্রাম পশ্চিম গ্রামের মো. আতিকুর রহমানের ৩য় ছেলে। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় সাদিকুরের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন (মামলা নাং-০৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্র সাদিকুর রহমান রোববার দুপুরের খাবার শেষে আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর রাত ৮টা পর্যন্ত দরজা না খোলায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের তীরের সাথে সাদিকের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে পুলিশে খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী মিটু লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী মিটু কলেজ ছাত্রের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জানান, কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে সে একটু জেদি প্রকৃতির ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.