বিয়ানীবাজার প্রতিনিধি | ২৪ এপ্রিল, ২০১৭
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২৫ এপ্রিল) ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর সব কটিই ঝুঁকিপূর্ণ। বিয়ানীবাজার থানার পুলিশ এ তথ্য জানিয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দর কুমার চক্রবর্তী বলেন, ১০টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হলেও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামান বলেন, নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই। বিজিবি ও র্যাব টহলে থাকছে। তারপরও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুরো পৌরসভাকে আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছি। কোন পক্ষ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শত ৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শত ৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শত ৭১ ভোট।