Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ৩৪টি বোমা মেশিন পুড়িয়েছে টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০১৭

ছবিটি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সংগৃহিত।

কোম্পানীগঞ্জের কালাইরাগ নতুনবাজার, গুচ্ছগ্রাম ও ধলাই ব্রিজের পার্শ্ববর্তী এলাকা থেকে অবৈধ পাথর উত্তোলনকালে ৩৪টি পাথর উত্তোলন করার যন্ত্র (বোমা মেশিন) জব্দ করেছে টাস্কফোর্স।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫.৫০ পর্যন্ত চলা এ অভিযানে জব্দ হওয়া ৩৪টি বোমা মেশিন পরে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্সের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম।

মুহাম্মদ আশরাফুল আলম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও পাথর উত্তোলনে বোমা মেশিনের ব্যবহার চলছে আর প্রশাসনের নজর এড়াতে সাধারণত রাতের বেলাই এসব মেশিন ব্যবহার করে তারা।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোম্পানীগঞ্জের যে সকল এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন হয়, সেসব এলাকায় জব্দ করা বোমা মেশিন তুলে নিয়ে আসা কষ্টসাধ্য, তাই পুড়িয়ে দিতে হয়। তবে মেশিন পোড়ালেও এসকল মেশিন আবার সংস্কার করে গোপনে কাজে লাগায় পাথর উত্তোলনাকারীরা।

তিনি বলেন, বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে দেখছে, কোম্পানীগঞ্জের সবকটি এলাকায় নজরদারি আরো বৃদ্ধি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.