নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০১৭
সিলেট নগরীর উপকণ্ঠের মালনিছড়া থেকে চাঁদাবাজির অভিযোগে রিজার্ভ পুলিশের (আরআরএফ) এক কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে মনিরুজ্জামান নামের ওই কনস্টেবলকে পুলিশে দেওয়া হয়।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অভিযোগে মনিরুজ্জামানকে আগেই বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
জেদান আল মুসা জানান, চাঁদা নিতে গেলে মালনিছড়ার রাবার শ্রমিকরা মনিরুজ্জামানকে আটক করে পুলিশে হস্তান্তর করে। সে আগেও একাধিকবার জেল খেটেছে।
মালনিছড়া বাগানের শ্রমিক নেতা সুজন বলেন, গত কয়েক দিন আগে মনিরুজ্জামান আমাকে ফোনে জানান, থানায় আমার নামে অভিযোগ আছে। একপর্যায়ে তিনি চাঁদাও দাবি করেন। আজ (সোমবার) চাঁদা নিতে আসলে তাকে আটক করে পুলিশে দেই।’
পুলিশ জানায়, মনিরুজ্জামান আরআরএফের ৬৬৫ নম্বর কনস্টেবল ছিলেন। ২০১৬ সালের ৩ এপ্রিল মাদক গ্রহণের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বাড়ি ঠাকুরগাঁও সদরের পূর্ব হাজিপাড়া গ্রামে।
তিনি আরও বলেন, নিজেকে সিআইডির কর্মকর্তা বলে দাবি করলেও মনিরুজ্জামান কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি।এতে শ্রমিকরা তাকে উত্তমমাধ্যম দেয়।’ এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রাবার শ্রমিক শামীম আহমদ বলেন, ‘সিআইডির কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে মনিরুজ্জামান প্রায়ই শ্রমিকদের কাছ থেকে চাঁদা নিয়ে যেতেন।’