Sylhet Today 24 PRINT

হাকালুকির দুর্গত এলাকা পরিদর্শনে মৌলভীবাজার সমিতির নেতারা

বড়লেখা প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৭

হাকালুকি হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির নেতারা। ক্ষতিগ্রস্তদের আগামী বছরের বৈশাখ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রদানের দাবিও জানান তারা।

সোমবার (২৪ এপ্রিল) বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওর অঞ্চল পরিদর্শন করেন ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির নেতারা।

সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তবারক হোসেন বলেন, ‘সব হারিয়ে নিঃস্ব কৃষক ও জেলে পরিবারগুলো এ বছর পরিবারের জীবন-জীবিকা নিয়ে উদ্বিগ্ন। কুলাউড়ায় এলাকা পরিদর্শনের সময় ভূকশিমইল ইউনিয়নের সামনে ত্রাণের জন্য লোকজনের ভিড় করতে দেখেছি। তাদের সাথে কথা বলে জানা গেছে তাঁরা এখনো ত্রাণ পাননি।'

তিনি বলেন, 'এ উপজেলায় প্রায় ৬ হাজার জেলে রয়েছেন। তাঁরা সারা বছরের জীবিকা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তাদের ঘরে খাবার নাই। রোজগারও পথ নাই। কুলাউড়া থেকে বড়লেখা আসার পথে পচে যাওয়া ধানের গন্ধ পেলাম। হাকালুকির বড়লেখা অংশেরও একি অবস্থা দেখেছি। যারা ধনী কিংবা মধ্যবিত্ত রয়েছে তারা কোনমতে চলতে পারলেও একেবারে যারা গরীব, ক্ষেত মজুর তাদের অবস্থা খুব খারাপ। তারা অসহায় হয়ে পড়েছেন। এসব মানুষকে অন্তত আগামী একবছর চালসহ নগদ অর্থ দিয়ে সহায়তার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

মৌলভীবাজার সমিতির নেতারা হাকালুকি হাওরের কুলাউড়া, বড়লেখা অংশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাঁরা কৃষক ও জেলে পরিবারে লোকজনের সাথে কথা বলেন। এতে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির, নির্বাহী সদস্য ক্যাপ্টেন (অব:) মিজানুর রহমান, সদস্য দিগন্ত সৌরভ, দেশ টিভি’র জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.