Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌরসভায় ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভায় ওয়ার্ডে ১০ টি ভোটকেন্দ্র ও ৭৫টি কক্ষে চলছে এ ভোটগ্রহণ। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা দাঁড়িয়েছেন লাইনে। পৌরসভা ঘোষণার দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।

এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। এখানে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামান বলেন, নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই। বিজিবি ও র‌্যাব টহলে থাকছে। তারপরও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুরো পৌরসভাকে আমরা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছি। কোন পক্ষ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪শত ৩ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৫শত ৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোট ৬ নং ওয়ার্ডে। ভোট সংখ্যা ৩ হাজার ৭শত ৭১ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.