রাঙ্গামাটি প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০১৭
নানিয়ারচর উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাঙ্গামাটি জেলায় অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ (ইউপিডিএফ সমর্থিত) ও রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটির যৌথ ব্যানারে দীর্ঘ সময়ব্যাপী অবস্থান ধর্মঘট পালিত হয়।
এর আগে স্বরাষ্টমন্ত্রী বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) প্রকাশ কান্তি চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শহিদউল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন।
অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা বলেন, পূর্বের হত্যাযজ্ঞের বিচার না হওয়াতে বারবার এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। অনতিবিলম্বে রমেল চাকমা হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।