Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিষদে ওসমানীনগরের সদস্য নির্বাচিত হলেন আশিক

ওসমানীনগর প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

সিলেট জেলা পরিষদের ওসমানীনগর ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলা যুবসংহতির সভাপতি মো. আশিক মিয়া।

মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে তিনি অটোরিকশা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

২০১৬ সালের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে মনোনয়ন বাতিল হওয়া সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হক উচ্চ আদালতে রিট পিটিশন (নং ১৫৮১০/২০১৬) দায়ের করে রুল এবং অন্তর্বর্তীকালীন আদেশ লাভ করলে নির্বাচন কমিশন ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচনে স্থগিতাদেশ জারি করে। শেষ পর্যন্ত এই প্রার্থীর মনোনয়ন বৈধতা পেলেও নির্বাচনে মাত্র ১৫ ভোট পেয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার তাজপুর মঙ্গল চণ্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। ১০৪ ভোটারের মধ্যে ১০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আশিক মিয়া ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.