Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ভোট জালিয়াতির অভিযোগে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০১৭

ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগে বিয়ানীবাজারে পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু নাছের পিন্টু।

মঙ্গলবার (বিকালে) তিনি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন।

আবু নাছের পিন্টু অভিযোগ করেন, ভোটগ্রহণ চলাকালীন সময়ে বিয়ানীবাজার পৌরবাসী ও গণমাধ্যমকর্মীরা দেখেছেন, নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে প্রশাসনের সহযোগিতায় ভোট জালিয়াতির মহোৎসব হয়েছে। তাই এই নির্বাচন ও নির্বাচনের আসন্ন ফলাফল আমি বর্জন করছি।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানান আবু নাছের পিন্টু।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিয়ানীবাজারে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা সকাল থেকেই দীর্ঘ সারিতে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রয়োগ করলেও দুপুরের দিকে পাল্টে যায় পরিস্থিতি। দুপুরে কসবা কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের জাল ভোটে বাধা দেওয়ায় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় কেন্দ্র লক্ষ করে ইটপাটকেলও নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদকেও মারধর করে তারা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও বিকালে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত হচ্ছে এ নির্বাচন। এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করছেন। বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.