হবিগঞ্জ প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০১৭
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সব সরকারের আমলেই বিচার বিভাগের উপর বিমাতাসুলভ আচরণ চলে আসছে। প্রশাসন কোন সময়ই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক। অথচ বিচার বিভাগ প্রশাসনেরও নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সব সময় বিচার বিভাগকে প্রতিদ্বন্ধি মনে করে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বার লাইব্রেরী মিলনায়তনে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রশাসনের কর্মকর্তারা নিজ বিভাগে নিরাপত্তা না পেলে বিচার বিভাগের কাছে আসেন। বিচার বিভাগ তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধু টাকা থাকলেই দেশ উন্নত দেশ হয় না। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
পুরাতন মামলা নিষ্পত্তি করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন বিচারকের অভাবে মামলার জট সৃষ্টি হয়। এজন্য নতুন বিচারক নিয়োগসহ নিম্ন আদালতের বিচারকদেরকে ভারতের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এখন যত দুর্যোগ আসুক তা বাইরের সাহায্য ছাড়াই মোকাবেলা করা হচ্ছে। এর আগে তিনি বিভিন্ন আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন।
এডভোকেট আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট সৈয়দ আফরোজ বখত, নূরুল আমিন, অফিল উদ্দিন, সিরাজুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান ও জমশেদ মিয়া।