Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের ৮ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড ছাড়া বাকি ৮টি ওয়ার্ডে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। ৩ নং ওয়ার্ডের কেন্দ্র স্থগিত হওয়ায় ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়নি।

৮টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডে এমাদ উদ্দিন, ২ নং ওয়ার্ডে ছয়ফুল আলম ঝুনু, ৪ নং ওয়ার্ডে আকছার হোসেন, ৫ নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, ৬ নং ওয়ার্ডে সরাজ উদ্দিন, ৭ নং ওয়ার্ডে মিছবাহ উদ্দিন, ৮ নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম ও ৯ নং ওয়ার্ডে আব্দুর রহমান আফজল।

সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীরা হলেন, মালিকা বেগম ও রোশনা বেগম। এর মধ্যে স্থগিত আছে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ফলাফল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিয়ানীবাজারে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা সকাল থেকেই দীর্ঘ সারিতে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রয়োগ করলেও দুপুরের দিকে পাল্টে যায় পরিস্থিতি। দুপুরে কসবা কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের জাল ভোটে বাধা দেওয়ায় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় কেন্দ্র লক্ষ করে ইটপাটকেলও নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদকেও মারধর করে তারা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও বিকালে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া।

বিকেলে সংবাদ সম্মেলন ডেকে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নাছের পিন্টু।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.