Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের বোমাসদৃশ বস্তুটি বোমা নয়

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০১৭

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে পাওয়া বোমাসদৃশ বস্তুটি বোমা নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী।

বুধবার সকালে ঢাকা থেকে আসা র‍্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট সদস্যদের পরীক্ষা নিরীক্ষার পর এ তথ্য জানানো হয়েছে।

বেলা ১১টার দিকে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পলিথিনে মোড়ানো বস্তুটি স্কচটেপ দিয়ে আটকানো ছিল এবং বাইরে তার বেরিয়ে ছিল। বোমা ভেবে পুলিশে খবর দেওয়া হয়ে ছিল। র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট তা পরীক্ষা করে দেখেছে, কিছু কাগজ পলিথিনে মুড়িয়ে দুই পাশে তার দিয়ে বোমার আকার দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্কুলের দশম শ্রেণির এক ছাত্র টিভি সিরিয়াল ও সিনেমা দেখে কৌতুহলবশত খেলার ছলে এ কাজ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর সঙ্গে রাজনৈতিক দল বা সংগঠনের সংশ্লিষ্টতা নেই। ওই ছাত্র এখন পুলিশের হেফাজতে রয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিঁড়ির নিচে বস্তুটি দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। মহানগরের বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মরত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়। এরপর তারা র‍্যাব-৯-কে বস্তুটি উদ্ধারে অনুরোধ জানায়। র‍্যাবের সদস্যরা এসে বস্তুটি প্রত্যক্ষ করে এটি ‘এক্সক্লুসিভ ডিভাইস বা আইডি’ বলে ধারণা করেন এবং ঢাকায় র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন।

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে আসে র‍্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট। মঙ্গলবার রাত ১০টার দিকে তারা সিলেট এসে পৌঁছার পর রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে, এবং সকাল থেকে তারা কাজ শুরু করে। এবং জানায় এটা বোমা নয়।

এর আগে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা স্কলার্সহোমে কিভাবে এমন বোমাসদৃশ বস্তু আসলো সে সম্পর্কে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জোবায়ের সিদ্দিকী বলেছিলেন, এখানে কয়েক হাজার শিক্ষার্থী আছে। কেউ হয়তো বইয়ের ব্যাগে করে এনে এটি রেখে দিয়েছে। মজা করার জন্য রাখতে পারে অথবা এর মধ্যে কেউ মোটিভেটেডও হয়ে থাকতে পারে। তবে এটা নিশ্চিত হতে ইতিমধ্যেই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.