Sylhet Today 24 PRINT

জুনের মাসের মধ্যে সুন্দরবন দিয়ে জাহাজ চলাচল বন্ধ হবে : তামাবিলে নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০১৫

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী জুন মাসের মধ‌্যে শেলা নদী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার দুপুরে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।


শাজাহান খান বলেন, শেলা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে বৃহস্পতিবার বিকল্প পথ হিসেবে  মংলা-ঘুসিয়াখালি চ্যাণেল দিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতিমাসে এই চ্যাণেল দিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল করবে। এটি সফল হলে জুন মাস থেকে শেলা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এতে সুন্দরবনের পরিবেশ রক্ষা পাবে।

তামাবিল শুল্ক স্টেশনে যাওয়ার আগে শুক্রবার সকালে বিয়ানীবাজারের শেওলা শুল্ক
স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি ছয় মাসের মধ্যে শেওলা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে উন্নীতকরণের কাজ শুরুর আশ্বাস দেন।

বেলা ১২ টায় তামাবিলে পৌছে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে শুল্ক স্টেশনের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন শাজাহান খান। প্রায় দুই বছর মেয়াদী এই কাজ শেষ হলে এ শুল্ক স্টেশনের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পাবে।

মন্ত্রী জানান, উন্নয়ন কাজ শেষ হলে তামাবিলের ডাম্পিং ইয়ার্ডে ২শ' টি ট্রাক একসাথে রাখা হবে, এজন্য ১ লক্ষ ৬৫ হাজার বর্গ ফুট ভূমি অধিগ্রহণ করা হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.