নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০১৭
পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় মঙ্গলবার সকালের পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে সিলেট নগরীর শাহী ঈদগাহে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন র্যাব-পুলিশের সদস্যরা। শিক্ষার্থীদের বের করে আনা হয় নিরাপদে। এটি শক্তিশালী বিস্ফোরক হতে পারে- র্যাবের এমন বক্তব্যের পর ঢাকা থেকে রওয়ানা হয় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, এটি কোন বিস্ফোরক নয়। ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র 'মজা করার জন্য' বস্তুটি ভবনের ভেতর রেখেছিলো।
বস্তুটি বোমা নয় জানার পর বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে স্কলার্সহোমের অধ্যক্ষ জোবায়ের সিদ্দিকী জানান, "স্কুলের দশম শ্রেণির এক ছাত্র টিভি সিরিয়াল ও সিনেমা দেখে কৌতুহলবশত খেলার ছলে এ কাজ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর সঙ্গে রাজনৈতিক দল বা সংগঠনের সংশ্লিষ্টতা নেই।"
দশম শ্রেণির ওই শিক্ষার্থী (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হলো না) এখন র্যাবের হেফাজতে রয়েছে জানিয়ে অধ্যক্ষ বলেন, বোমাসদৃশ বস্তুটি রাখার কথা সে স্বীকার করেছে।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিঁড়ির নিচে বস্তুটি দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। মহানগরের বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মরত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়। এরপর তারা র্যাব-৯-কে বস্তুটি উদ্ধারে অনুরোধ জানায়। র্যাবের সদস্যরা এসে বস্তুটি প্রত্যক্ষ করে এটি ‘এক্সক্লুসিভ ডিভাইস বা আইডি’ বলে ধারণা করেন এবং ঢাকায় র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে আসে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। মঙ্গলবার রাত ১০টার দিকে তারা সিলেট এসে পৌঁছার পর রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকাল থেকে কাজ শুরু করেন। পরে তাঁরা জানান, এটি বোমা নয়। কিছু কাগজ পলিথিনে মুড়িয়ে দুই পাশে তার দিয়ে বোমার আকার দেওয়া হয়েছে।