Sylhet Today 24 PRINT

অাগুনে বেরিয়ে এলো সিলেট সাবরেজিস্ট্রি অফিসের জালিয়াতির চিত্র

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০১৭

মঙ্গলবার রাতে আগুন লেগেছিলাে সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের পার্শ্ববর্তী একটি স্টাম্পের দোকানে। এই আগুন থেকে বেরিয়ে এলো সাব রেজিস্ট্রি অফিসের ভয়ঙ্কর দুর্নীতি ও জালিয়াতির চিত্র। রেজিস্ট্রি অফিসের অনেক গোপন ও মূল্যবান কাগজপত্র পাওয়া গেলো আগুন লেগে যাওয়া দোকানটিতে।

অভিযোগে বালাম বা ভলিয়াম নামে পরিচিত এসব মূল্যবান কাগজপত্র থেকে একজনের দলিলের পাতা ছিড়ে অন্যজনের দলিলের পাতা সংযুক্ত করা হয়। এজন্য আদায় করা হয় লাখ লাখ টাকা। আগুনে এরকই একটি বালাম বই পুড়লো রেজিস্ট্রি অফিসের পাশ্ববর্তী দোকানে।

ভূক্তভূগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিস ও এর আশপাশে বসে ওই চক্রটি দলিলের ভলিয়ম ঘষামাজা, কাটা ছেড়া, দালিলের পাতা খুলে অন্যপাতা লাগানোসহ নানা কাজ করে আসছে। আর এতে সরাসরি যোগসাজশ রয়েছে খোদ রেকর্ড কিপার ও পিয়নদের। যারা টাকা বিনিময়ে মানুষের কোটি কোটি টাকার সম্পদের দলিল হেরফের করে। দীর্ঘদিন ধরে গোপনে কাজটি হয়ে আসলেও এই প্রথম একটি ভালাম বই পাওয়া গেলো একটি স্ট্যাম্প ভেন্ডারে।

সাবরেজিস্ট্রি অফিস ঘেষা নাজির স্ট্যাম্প ভেন্ডার নামের একটি ভেন্ডারে অগ্নিকান্ডের পর সেখান থেকে বুধবার উদ্ধার করা হয় ভলিয়াম বইটি। এতে ভেন্ডারের অন্যান্য মালামালের সাথে ভলিয়াম বইটিও পুড়ে যায়। এনিয়ে তোলপাড় চলছে সাবরেজিস্ট্রি অফিসে। প্রশ্ন দেখা দিয়েছে রেকর্ড রুম থেকে কারা কিভাবে স্ট্যাম্প ভেন্ডারে বইটি নিয়ে এলো। ভেন্ডারে আগুন নিয়ে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্যও।

ভেন্ডার মালিক বলেছেন, তাকে ফাসানোর জন্য বইটি আগুণে পুড়িয়ে সেখানে রাখা হয়েছে। অপর দিকে সাবরেজিস্ট্রি অফিস থেকে বলা হয়েছে, জালিয়াতি করতে ভলিয়ামটি বাইরে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন, থানায় মামলা ও রেকর্ড কিপার রীনা রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের পার্শ্ববর্তী ‘নাজির স্টাম্প ভান্ডারে’ মঙ্গলবার রাতে আগুন লাগে। আগুনে ৩ লাখ টাকার স্টাম্প ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ওইদিন রাত ১২ টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রনে আনে।

সিলেট স্টেশনের সিনিয়র কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফিক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রনে আনার পর বুধবার সকালে ভেন্ডারে পাওয়া যায় একটি ভলিয়াম। যার চারপাশই আগুনে পোড়ে গেছে।

নাজির স্টাম্প ভান্ডার’র ম্যানেজার নিজাম আহমদ জানান, স্টাম্প ভান্ডার সরাতে একটি মহল চেষ্টা করছে। রাতে যখন আগুন লাগে তখন ভলিয়ম দোকানে ছিল না। সকালে কোথায় থেকে এলো-তা আমার জানা নেই। তিনি আগুন লাগানো ও ভলিয়ম বই রাখার পেছনে অফিসের কয়েকজ লোক জড়িত বলে দাবি করেন।

সূত্রমতে, কেরানী প্রদিপ ঘোষের নেতৃত্বে পিয়ন জুয়েল, বাবুল, নাহিদ, সুকেষ, ওয়াহিদ, রেজাউলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অফিসে বিভিন্ন ভলিয়াম বই জালিয়াতির সঙ্গে জড়িত। যাদের সহায়তায় একটি চক্র দলিল লিখে ভলিয়ামে লাগিয়ে দেয়। কখনো বা ভলিয়মের পাতা ছিড়ে ফেলে। অতীতে এ ধরণের ঘটনা প্রকাশ পাওয়ার পর একাধিক মামলা এবং পিয়ন ও কর্মচারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই অনিয়ম-দুর্নীতি ঠেকানো যায়নি। সম্প্রতি আবার ওই চক্রটি তৎপর হয়ে উঠে।

সদর সাব-রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক জানান, রেকর্ড রুম থেকে তারা বালামটি চুরি করে নিয়েছে। এ ঘটনায় ভেন্ডার মালিক নাজির আহমদ খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রেকর্ড কিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেকর্ড কিপার রিনা রায় ভলিয়ম বই কিভাবে বাইরে নেওয়া হয়েছে সে ব্যপারে তিনি কিছুই জানে না বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.