সিলেটটুডে ডেস্ক | ২৮ এপ্রিল, ২০১৭
সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা বলেছেন, সমাজের প্রতিটি মানুষের আইনি সেবা পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু নানা কারণে সমাজের অসহায় এবং দরিদ্র মানুষগুলো আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। লিগ্যাল এইড সমাজকে সচেতন করার পাশাপাশি দরিদ্র মানুষদের আইনি সহায়তা প্রদান করে থাকে এবং এর মাধ্যমে তারা সাধারণ জনগণের কাছে আস্থাভাজন হয়ে উঠছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সিলেট জেলা কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা জজ(ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা শুক্রবার জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার তাসলিমা শারমীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া, স্থানীয় সরকার মন্ত্রনণালয়ের উপপরিচালক দেবজ্যোতি সিংহ, সিলেটের উপ-পুলিশ কমিশনার বাসুদেব বণিক, সিলেট জেলার পিপি মিসবাহ উদ্দিন সিরাজ।
এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলার সরকারী কৌশুলী খাদেমুল মিল্লাত মো. জালাল, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মো. লালা, সেক্রেটারী হোসেন আহমদ।
আলোচনা সভায় ২০১৬ সালে সেরা প্যানেল আইনজীবি নির্বাচিত দুই জন ব্যক্তিত্ব এডভোকেট সৈয়দা শিরীন আক্তার এবং এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী অনুভূতি ব্যক্ত সহ প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ এবং জাতীয় সংগীত পরিবশেন করেন সিলেট জেলা শিল্পকলার শিল্পীবৃন্দ।
আলোচনা সভা শুরুর পূর্বে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালী জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে আবার জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। র্যালীতে অংশগ্রহণ করেন সিলেট বিচার বিভাগের বিচারকবৃন্দ, জেলা প্রশাসন, জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং এনজিও কর্মীবৃন্দ। এছাড়া লিগ্যাল এইড সিলেটের সকল কর্মকর্তা ও অংশগ্রহণ করেনআলোচনা শেষে মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু রচিত ‘যদি আমরা সবাই’ নাটিকাটি মঞ্চায়িত করেন নর্থ ইস্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।
এবং বিকেলে সিলেটের জেলা জজ(ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী সহ লিগ্যাল এইডের নেতৃবৃন্দ। কারাগারে বন্দীদের সাথে আইনি সহায়তা বিষয়ে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে সিলেটের জেলা জজ(ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন বলেন, আইনি সেবা থেকে বঞ্চিত সমাজের অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড। আজকের এই আলোচনা সভার মাধ্যমে প্রতিটি এলাকায় লিগ্যাল এইডের কার্যক্রম বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।