নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল, ২০১৭
যান্ত্রিক ক্রটির কারনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গিয়েছিলো দুবাই-সিলেট-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ফলে ঢাকা বিমানবন্দরগামী ২৩ জন যাত্রী আটকা পড়েন সিলেট বিমানবন্দরে। পরে বিকল্প ফ্লাইটে ৭ ঘন্টা পর তাদের ঢাকা পৌঁছার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় আরব আমিরাতের দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের বিজি-০৫২ ফ্লাইট। সকাল সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সিলেটের যাত্রীরা নেমে গেলেও ঢাকাগামী ২৩ জন যাত্রী বিমান বন্দরে আটকা পড়েন।
তিনি জানান, ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ সিলেটে এসে পৌঁছালে দুপুর আড়াইটার দিকে আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।
স্টেশন ম্যানেজার হাফিজুর রহমান সিলেটটুডেকে জানান, ত্রুটিযুক্ত বিমানটি ঠিক করতে ঢাকা থেকে কারিগরি দল এসে কাজ শুরু করেছেন।