Sylhet Today 24 PRINT

ঝড়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাটল, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৭

শুক্রবার রাতের ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নবনির্মিত এই স্টেডিয়ামের কাঁচের অবকাঠামোর বেশিরভাগই ভেঙ্গে পড়ে ঝড়ে।

শুক্রবার রাত ১১ টার দিকে এ ঝড় শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী স্থায়ী এ ঝড়ে সিলেটের আরো কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, ভেঙ্গে চুরমার হয়ে গেছে স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের অর্ধেক গ্লাস। এছাড়া হসপিটালিটি বক্স ও মিডিয়া বক্সেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কাচের অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ ভেঙে গেছে। ভেঙে গেছে অনেক চেয়ার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ঝড়ের সময় কাচ ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়েছে অন্যান্য আসবাবপত্রও। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ঢাকা থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রিকেট বোর্ডের একটি দল সিলেট আসছে বলেও জানান তিনি।

গত ২০০৭ সালে নগরীর অদূরের লাক্কতাুরা চা বাগান এলাকায় এই স্টেডিয়ামটি নির্মান করা হয়। ২০১৩ সালে এখানে প্রায় ১২০ কোটি টাকার সংস্কারকাজ করা হয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে এটি উদ্বোধন করেন।

এদিকে, ঝড়ে সিলেটের আরো কয়েকটি এলাকায়ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সিলেট সদর উপজেলার চামাউড়া কান্দির শান্তিপুর এলাকায় ৫-৬টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। নগরীর মধুশহীদ এলাকায় একটি বাড়ির ওপর উপড়ে পড়েছে গাছ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.