Sylhet Today 24 PRINT

হাওর পরিদর্শনে রোববার শাল্লা আসছেন প্রধানমন্ত্রী, করবেন ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় প্লাবিত হাওর এলাকা পরিদর্শনে রোববার (৩০ এপ্রিল) সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা গেছে, প্রধানমন্ত্রী শাল্লায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরকতউল্লা খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শালায় পৌঁছেছেন। এ ছাড়া এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষকদের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ১৪২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় তিন লাখ কৃষক পরিবার।

জেলায় এবার দুই লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল, যার ৯৫ শতাংশ বন্যায় তলিয়ে গেছে। ফসলের পাশাপাশি বিভিন্ন হাওর ও নদীতে প্রায় পাঁচ মেট্রিক টন মাছ মারা গেছে। মারা গেছে অনেক হাঁসও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.