সিলেটটুডে ডেস্ক | ২৯ এপ্রিল, ২০১৭
নিরাপদ ও উন্নত আবাসন সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে সিলেটে যাত্রা শুরু করছে সর্ববৃহৎ আবাসন প্রকল্প হলি আরবান প্রপার্টিজ প্রা. লিমিটিড।
শনিবার নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রকল্পের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রপার্টির সার্বিক দিক ও স্থাপত্যশৈলীর বর্ণনা তুলে ধরা হয়। এসময় উপস্থিত সিলেটের বিশিষ্টজনরা হলি আরবানের সাফল্য কামনা করেন। এছাড়া আবাসন গ্রুপের নতুন ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগতও জানান তারা।
হলি আরবান প্রপার্টিজ লি: এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট ভূমিকম্প প্রবণ জোনে অবস্থিত। এখানে ভবন নির্মাণের বিল্ডিং কোডের বিষয়টি মাথায় রাখতে হবে। পাশাপাশি স্বল্প আয়ের লোকেরা যাতে ফ্ল্যাট কিনতে পারে সে বিষয়টি উদ্যোক্তাদের মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, এই এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে এলাকার চেহারা পাল্টে যাবে।
হলি আরবানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিলওয়ার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মুনতাছির আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হাসিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মুরারী চাঁদ কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপের (সারেগ) সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মখন মিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প উপস্থাপন করেন স্থাপত্যবিদ জালাল আহমদ ও তার টিম। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; সিলেট নগরীর বিমানবন্দর সড়কে হলি আরবান প্রপার্টিজ লি: এর উদ্যোগে ২৩৫টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
উদ্যোক্তরা জানিয়েছেন, এই বহুতল প্রপার্টিজের সবকটি ফ্ল্যাট আগামী আট বছরের মাঝে গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে। ভূমিকম্পের সহনীয় মাত্রায় ব্যতিক্রম সবুজ বেষ্টনির স্থাপত্যে নির্মাণ করা হচ্ছে ১৫ তলা বিশিষ্ট এই প্রপার্টি।