Sylhet Today 24 PRINT

বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : বিশ্বনাথে পানিসম্পদ মন্ত্রী

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৭

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সারা দেশে বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর ও বাসিয়া নদী পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বন্যাকবলিতদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিরাশ হওয়ার কিছু নেই, সরকার আপনাদের পাশে আছে। কারণ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বিশ্বনাথের বাসিয়া নদীতে খনন কাজের ধীর গতি দেখে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, বৃহত্তর স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক সার্ভে অনুযায়ী নদী খনন কাজ সম্পন্ন করা হবে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) নজরুল ইসলাম (বীরপ্রতিক) এমপি ও প্রধান আলোচকের বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

জাপা নেতা শফিক আহমদ পিয়ারের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, জাপা নেতা জয়নাল আবেদীন ও আ'লীগ নেতা আবুল কালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক মমতাজ উদ্দিন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, অ্যাসিল্যান্ড আব্দুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.