Sylhet Today 24 PRINT

হাওরের দুর্দশা দেখতে সুনামগঞ্জে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শাল্লা হাই স্কুল মাঠে অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাল্লায় উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী দুপুরে রাজধানীতে ফিরবেন।

কয়েক দিনের টানা মৌসুমি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ফলে এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার কৃষকের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।

বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.